September 28, 2026, 11:23 pm

সবুজ চাটনির বদলে তেঁতুলের চাটনি, দোকানে সংঘর্ষে আহত ৪

অভয়নগর প্রতিবেদক

ভারতের উত্তর প্রদেশের হাপুরে ব্রেড পাকোড়ার সঙ্গে সবুজ চাটনির বদলে তেঁতুলের চাটনি দেওয়াকে কেন্দ্র করে দোকানি ও ক্রেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহরের ব্যস্ত একটি বাজারে চাটনি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্রেতাদের একটি দল দোকানির ওপর হামলা চালায় বলে অভিযোগ। এ সময় আশপাশের লোকজন দোকানির পক্ষে এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয়। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের সময় দুই পক্ষ একে অপরের ওপর ক্রিকেট ব্যাট, পাথর, বেল্ট এবং পাকোড়া ভাজার কাজে ব্যবহৃত বড় লোহার ছাঁকনি নিয়ে হামলা চালাচ্ছে। মারামারির একপর্যায়ে টানাটানিতে এক ব্যক্তির টি-শার্ট ছিঁড়ে যায়। অন্য একজনকে লোহার ছাঁকনি দিয়ে আঘাত করতেও দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক নারী চেষ্টা করেও ব্যর্থ হন। সংঘর্ষের দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
হাপুরের সার্কেল অফিসার মনীশ চন্দ্র জানিয়েছেন, দেহরা এলাকার এ ঘটনায় আহতদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে সংঘর্ষে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান তিনি। এ ঘটনার সঙ্গে প্রায় পাঁচ বছর আগে ২০২১ সালে উত্তর প্রদেশের বাগপতে ক্রেতা ডাকা নিয়ে চাট বিক্রেতাদের মধ্যে ঘটে যাওয়া আলোচিত সংঘর্ষের প্রসঙ্গও নতুন করে সামনে এসেছে।



ফেসবুক কর্নার