September 28, 2026, 10:35 pm

নবজাতকের হাতে সোনার আংটি, বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ

অভয়নগর প্রতিবেদক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় সোমবার মাদুরাইয়ে নবজাতক শিশুদের জন্য ২২ ক্যারেটের এক গ্রাম ওজনের সোনার আংটি দেওয়ার প্রকল্প চালু করেছেন। ‘থাইমামান থাঙ্গা মোথাইরাম থিত্তাম’ বা ‘ম্যাটার্নাল আঙ্কেল গোল্ড রিং স্কিম’ নামে পরিচিত এ উদ্যোগটি তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে প্রকল্পটির উদ্বোধন করেন বিজয়। এ সময় তিনি কয়েকজন নবজাতককে কোলে নিয়ে তাদের হাতে সোনার আংটি তুলে দেন।
রাজ্য সরকার জানিয়েছে, নবজাতকদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানানো এবং পরিবারগুলোর পাশে থাকার লক্ষ্যেই এ প্রকল্প চালু করা হয়েছে। এ জন্য তামিলনাড়ু সরকার ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দ করেছে। সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের, বিশেষ করে স্থানীয় মায়েদের সন্তানদের এ সুবিধার আওতায় আনা হবে। ২০২৬ সালের ২২ জুন বা তার পরে জন্ম নেওয়া যোগ্য শিশুরা এ সুবিধা পাবে। প্রকল্পের প্রাথমিক পর্যায়ে বিতরণের জন্য ১ লাখ ২৮ হাজার সোনার আংটি সংগ্রহ করা হয়েছে। প্রতিটি আংটির ওজন এক গ্রাম এবং এতে আলাদা সিরিয়াল নম্বর থাকবে।
তামিলনাড়ুর মন্ত্রী অরুণ রাজ বলেন, মামা ও ভাগ্নে-ভাগ্নির সম্পর্ক ভালোবাসা ও দায়িত্বের প্রতীক। সেই সম্পর্ককে সম্মান জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি মাদুরাই থেকে শুরু করা হয়েছে এবং পরবর্তী সময়ে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের ছাড়পত্র দেওয়ার সময়ই আংটি দেওয়ার ব্যবস্থা থাকবে। তবে সোনার আংটি কেনার জন্য তামিলনাড়ু মেডিক্যাল সার্ভিসেস করপোরেশনকে ব্যবহার করা নিয়ে বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে। তাদের দাবি, সংস্থাটির মূল কাজ ওষুধ ও চিকিৎসাসামগ্রী কেনাকাটা করা।



ফেসবুক কর্নার