
দীর্ঘ সাত দশকের দাম্পত্য জীবনের সঙ্গী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। শারীরিক অসুস্থতা সত্ত্বেও শতবর্ষী এই প্রবীণ রাজনীতিক স্ত্রীর শেষযাত্রায় হুইলচেয়ারে বসে পুরো সময় উপস্থিত ছিলেন। সিতি হাসমাহর শেষকৃত্য ঘিরে মালয়েশিয়াজুড়ে নেমে আসে শোকের আবহ। পারিবারিক বাসভবন থেকে তার মরদেহ তামান সুংগাই বেসি ইন্দাহর মসজিদ আস-শরিফে নেওয়া হলে শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করেন হাজারো মানুষ।
জানাজা ও শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে মাহাথিরের নাকে অক্সিজেনের নল দেখা যায়। জীবনের দীর্ঘ পথচলার সঙ্গীর মরদেহের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকা তাকে অত্যন্ত বিষণ্ন ও আবেগাপ্লুত দেখায়। পরে তিনি উপস্থিত সবার সঙ্গে মরহুমার জানাজার নামাজে অংশ নেন। এরপর সিতি হাসমাহর মরদেহ দাফনের জন্য পুত্রজায়ার ২০ নম্বর প্রিসিঙ্কটের ন্যাশনাল সিমেট্রিতে নেওয়া হয়। সেখানে মোটরচালিত হুইলচেয়ারে বসে পরিবারের সদস্যদের সঙ্গে স্ত্রীর দাফনের পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করেন মাহাথির।
তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। দীর্ঘ প্রায় সাত দশক তারা দাম্পত্য জীবন কাটিয়েছেন।