September 29, 2026, 1:34 pm

ন্যাশনাল ব্যাংক গ্রাহকের টাকা ফেরতের নির্দেশ

পুলক শেখ,, ভালুকা, ময়মনসিংহ

ন্যাশনাল ব্যাংক পিএলসির ময়মনসিংহের ভালুকা ও টাঙ্গাইলের মির্জাপুর শাখার চার আমানতকারী যাতে সঞ্চয়ী হিসাবের জমা টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বারবার আবেদন করেও টাকা তুলতে না পারার অভিযোগে গ্রাহকদের করা রিটের শুনানি শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
‘লাকী আক্তার ও অন্যান্য বনাম বাংলাদেশ ও অন্যান্য’ শীর্ষক রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মারুফ উল আবেদ। আদালত একই সঙ্গে রুল জারি করে আবেদনকারীদের হিসাবে বৈধভাবে থাকা টাকা তুলতে দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন। মামলায় অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও ন্যাশনাল ব্যাংক পিএলসিকে বিবাদী করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, আবেদনকারীদের মধ্যে ভালুকা শাখার গ্রাহক মো. শামীম আহমেদ এবং মির্জাপুর শাখা ও মির্জাপুর এসএমই কৃষি শাখার লাকী আক্তার, নাসিমা বেগম ও মোছা. সাথী বেগম রয়েছেন। গত ১৭ সেপ্টেম্বর তারা চেক ভাঙাতে গেলে শাখা কর্মকর্তারা কোনো বৈধ বা লিখিত কারণ না দেখিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ। আদালতের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নিয়ন্ত্রক পদক্ষেপ নিয়ে ন্যাশনাল ব্যাংক যাতে আমানতকারীদের টাকা তুলতে দেয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।



ফেসবুক কর্নার