September 29, 2026, 3:00 pm

জয়শঙ্কর: ভারতের পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র

অভয়নগর প্রতিবেদক

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের কূটনৈতিক পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে বহুমুখী আন্তর্জাতিক অংশীদারিত্ব বজায় রাখার মাধ্যমে ওয়াশিংটনের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এসেছে বলেও উল্লেখ করেন তিনি। সোমবার নিউইয়র্কে এশিয়া সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সাবেক সহকারী সচিব ড্যানিয়েল রাসেলের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জয়শঙ্কর।
বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জয়শঙ্কর বলেন, ভারত দীর্ঘদিন ধরে চীন, রাশিয়া, ইউক্রেনসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে এসেছে। এখন ওয়াশিংটনও একই ধরনের বহুমুখী কূটনীতি অনুসরণ করছে। ড্যানিয়েল রাসেল ভারতের ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতি নিয়ে প্রশ্ন তুললে জয়শঙ্কর বলেন, জটিল ও পরস্পরবিরোধী ভূরাজনৈতিক সম্পর্ক সামলাতে যুক্তরাষ্ট্রও বর্তমানে একইভাবে একাধিক দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে।
জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে এ পরিবর্তন বড় ধরনের রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে। অতীতে যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর বিকল্প সীমিত রাখতে চাইলেও বৈশ্বিক পরাশক্তি হিসেবে নিজের জন্য একাধিক পথ খোলা রেখেছিল। এখন সেই দ্বৈত আচরণের অবসান ঘটেছে এবং দেশগুলো প্রকাশ্যেই একে অপরের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে। তার মতে, আন্তর্জাতিক সম্পর্কের এই কাঠামোগত পরিবর্তন বিশ্বকে আরও বহুমুখী ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তববাদী কূটনীতির মাধ্যমে প্রতিটি দেশ নিজেদের জন্য সর্বোচ্চ সুবিধা আদায়ের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি



ফেসবুক কর্নার