September 29, 2026, 8:54 pm

অসুস্থ হলে ঔষধি গাছ খোঁজে আফ্রিকান হাতি

অভয়নগর প্রতিবেদক

আফ্রিকান হাতির আচরণ নিয়ে গবেষণায় চমকপ্রদ তথ্য উঠে এসেছে। গবেষকদের সাক্ষাৎকারভিত্তিক অনুসন্ধানে স্থানীয় বন্যপ্রাণী পর্যবেক্ষকদের বর্ণনা অনুযায়ী, অসুস্থতা বা শারীরিক সমস্যার সময় হাতিরা নির্দিষ্ট কিছু উদ্ভিদ বেছে নিয়ে খেতে পারে। গবেষণায় এমন ৩৫ প্রজাতির উদ্ভিদের তথ্য পাওয়া গেছে, যেগুলো হাতিরা সম্ভাব্য ঔষধি কাজে ব্যবহার করে বলে ধারণা করা হচ্ছে। গবেষণাটি ‘সায়েন্টিফিক রিপোর্টস’ জার্নালে ২৪ সেপ্টেম্বর প্রকাশিত হয়।
গবেষণায় আটজন স্থানীয় বিশেষজ্ঞের সাক্ষাৎকার নেওয়া হয়। তাদের বর্ণনা অনুযায়ী, মা হাতিদের শাবকদেরও কিছু উদ্ভিদজাত উপাদান খাওয়াতে দেখা গেছে। ৩৫টি উদ্ভিদ ২৩টি পরিবারের অন্তর্ভুক্ত। গবেষকদের বিশ্লেষণে আটটি উদ্ভিদকে এমন শ্রেণিতে রাখা হয়েছে, যেগুলো দৃশ্যত অসুস্থ হাতি চিকিৎসার উদ্দেশ্যে খোঁজে বা মা হাতি শাবকের স্বাস্থ্যগত প্রয়োজনে ব্যবহার করে বলে পর্যবেক্ষকদের দাবি। তবে এসব আচরণ সরাসরি চিকিৎসা হিসেবে নিশ্চিত করতে আরও প্রত্যক্ষ প্রমাণ প্রয়োজন।
গবেষকেরা জানিয়েছেন, হাতির এ ধরনের স্ব-চিকিৎসা আচরণ আরও ভালোভাবে বোঝার জন্য স্থানীয় বিশেষজ্ঞদের মাধ্যমে ক্যামেরায় তাদের উদ্ভিদ নির্বাচন ও ব্যবহারের আচরণ ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণার একটি লক্ষ্য হলো, হাতির ব্যবহৃত উদ্ভিদে ভবিষ্যতে কোনো ঔষধি উপাদান আবিষ্কারের সম্ভাবনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা। গবেষকদের মতে, হাতির এমন আচরণ তাদের পরিবেশগত জ্ঞান সম্পর্কে নতুন ধারণা দিতে পারে এবং একই সঙ্গে প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণের গুরুত্বও তুলে ধরে।



ফেসবুক কর্নার