
দেশের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেয়েছে মরক্কো। নগর পরিকল্পনামন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ। এর মধ্য দিয়ে ৫০ বছর বয়সী আইনজীবী মানসুরি মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন। এর আগে তিনি মারাকেশের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে মানসুরিকে। সংসদ নির্বাচনের ফল প্রকাশের চার দিন পর তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। ওই নির্বাচনে তার মধ্যপন্থী দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) সবচেয়ে বেশি ভোট পেয়েছে। তবে মরক্কোর নির্বাচনি ব্যবস্থায় কোনো একক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন কঠিন হওয়ায় আগামী কয়েক দিনের মধ্যে তাকে জোট সরকার গঠন করতে হতে পারে।
মানসুরির নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে ২০৩০ ফিফা বিশ্বকাপকে ঘিরে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ তদারকি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এর মধ্য দিয়ে আরব বিশ্বে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা দ্বিতীয় নারী হলেন তিনি। এর আগে তিউনিসিয়ার নাজলা বাউডেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মরক্কোর সংবিধান অনুযায়ী, রাজা দেশটির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেও সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া দলের একজন প্রার্থীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হয়। ২০১১ সালের আরব বসন্তের বিক্ষোভের পর এই বিধান চালু করা হয়।