October 4, 2026, 11:00 pm

গাজায় ৩ হাজার ১৮৫ টনের বেশি ত্রাণ পাঠাল মিশর

অভয়নগর প্রতিবেদক

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার জন্য ৩ হাজার ১৮৫ টনের বেশি মানবিক সহায়তা পাঠিয়েছে মিশর। রোববার ভোরে মিশরীয় রেড ক্রিসেন্টের উদ্যোগে একটি ত্রাণবাহী বহর গাজার উদ্দেশে রওনা হয়। এতে হাসপাতালের জ্বালানি, খাদ্য, চিকিৎসাসামগ্রীসহ গাজাবাসীর জরুরি প্রয়োজনীয় বিভিন্ন পণ্য রয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
‘ফ্রম ইজিপ্ট টু গাজা’ কর্মসূচির আওতায় ‘জাদ আল-ইজ্জা’ উদ্যোগের অংশ হিসেবে ত্রাণবহরটি পাঠানো হয়েছে। গাজার মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে মিশরের জাতীয় পর্যায়ের এই উদ্যোগ পরিচালিত হচ্ছে। হাসপাতালগুলোতে সংকট আরও তীব্র হওয়ার সময়েই নতুন করে এই সহায়তা পাঠানো হলো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত শুক্রবার জানিয়েছে, জ্বালানি, ওষুধ ও জীবন রক্ষাকারী সামগ্রীর দীর্ঘস্থায়ী সংকটে গাজার কোনো হাসপাতালই বর্তমানে পুরোপুরি কার্যকর নেই। ডব্লিউএইচওর প্রতিনিধি রেইনহিল্ডে ভ্যান ডি ভের্ডট জানান, ইসরায়েলের অনুমোদনের অপেক্ষায় থাকা চিকিৎসাসামগ্রী ছাড় পেতে গড়ে ৭৪ দিন সময় লাগছে। এমন পরিস্থিতিতে গাজায় চিকিৎসাসেবা সচল রাখতে জ্বালানি, খাদ্য ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ বাড়ানো জরুরি বলে মনে করছে মানবিক সহায়তা সংস্থাগুলো।



ফেসবুক কর্নার