
চলমান সংকটের কূটনৈতিক সমাধানে ইরান আন্তরিক এবং ন্যায্য সমাধানে পৌঁছাতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার (৪ অক্টোবর) বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, একই সঙ্গে সামরিক আগ্রাসন হলে আত্মরক্ষার জন্য জবাব দিতেও প্রস্তুত রয়েছে ইরান।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে আরাঘচির বক্তব্য তুলে ধরে বলা হয়, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ন্যায্য সমাধানে পৌঁছানোর বিষয়ে তেহরান আন্তরিক। তবে কোনো সামরিক আগ্রাসন হলে আরও ধ্বংসাত্মক জবাব দেওয়ার জন্যও ইরান প্রস্তুত বলে জানান তিনি। তাঁর এ বক্তব্য এমন সময়ে এলো, যখন হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতার কথা সামনে আসছে।
এর আগে একইদিন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে তেহরানের প্রস্তাবিত সাত দিনের রোডম্যাপ নিয়ে কথা বলেন। সাম্প্রতিক বক্তব্যগুলোতে ইরান একদিকে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার কথা বলছে, অন্যদিকে সামরিক হামলা হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথাও জানাচ্ছে।