September 30, 2026, 11:16 pm

ধ্বংসের জন্য কোস্টারিকা থেকে ৪৫ টন কোকেন নিল মার্কিন বিমান

অভয়নগর প্রতিবেদক

 

কোস্টারিকায় জব্দ করা প্রায় ৪৫ টন কোকেন ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন বিমানবাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার-৩ উড়োজাহাজ। দুই দেশের মাদকবিরোধী সহযোগিতা চুক্তির আওতায় কোকেনের চালানটি নেওয়া হয়। কোস্টারিকার আলাজুয়েলায় দেশটির এয়ার সার্ভেইলেন্স সার্ভিসের ‘বেস-২’ থেকে চালানটি সামরিক বিমানে তোলা হয়। কোস্টারিকার বিচার বিভাগ জানিয়েছে, কোকেনের প্রকৃত ওজন ৪৪ হাজার ৬৯৭ দশমিক ১৩ কেজি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে এসব কোকেন জব্দ করা হয়। এসব অভিযানে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদার সহযোগিতা করেছে। আদালতের আদেশ অনুযায়ী, চালানটি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের রিওয়ার্ল্ড সলিউশন্সে নেওয়া হয়েছে। সেখানে ইনসিনারেশনের মাধ্যমে কোকেনগুলো ধ্বংস করার কথা রয়েছে। কোস্টারিকায় একসঙ্গে এত বিপুল মাদক ধ্বংসের মতো পর্যাপ্ত শিল্প সক্ষমতা না থাকায় পরিবেশগত ও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় তা যুক্তরাষ্ট্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

চালান পরিবহনের পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। কোকেনগুলো সিল করে সামরিক পরিবহনের উপযোগী প্যালেটে সাজিয়ে সশস্ত্র নিরাপত্তার মধ্যে বিমানবন্দরের রানওয়েতে নেওয়া হয়। মাদকের ‘চেইন অব কাস্টডি’ নিশ্চিত করতে কোস্টারিকার একজন বিচারকও চালানটির সঙ্গে যুক্তরাষ্ট্রে যান। প্রায় এক লাখ পাউন্ড ওজনের মাদক পরিবহনে সি-১৭ ব্যবহারের মাধ্যমে ভারী সামরিক পরিবহন বিমানের সক্ষমতাও সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও বিপুল পরিমাণ জব্দ করা মাদক ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্রে নিতে সি-১৭ ব্যবহার করা হয়েছে।



ফেসবুক কর্নার