
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে, তবে এখনো সফরের তারিখ বা মাস নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। এ সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকলেও সরকারপ্রধানরা একসঙ্গে বসলে সেগুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে ভারত শতভাগ কাজ করবে বলেও জানান হাইকমিশনার।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, এটি হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছিল। দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।