October 6, 2026, 12:23 pm

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব

অভয়নগর প্রতিবেদক

কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, ই-মেইলে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) ও হিসাব বিবরণী চাওয়া হয়েছে। পাশাপাশি তার হিসাবের সফটকপি, সুদ আয় ও উৎসে করের (টিডিএস) তথ্যও পাঠাতে বলা হয়েছে। তলব করা তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। পরে তিনি চাঁদা চাওয়ার বিষয়ে প্রথমে অভিযোগ করলেও পরবর্তী সময়ে জানান, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ-উর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ও ভাইরাল ব্যক্তিদের আরও দায়িত্বশীলতার সঙ্গে বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনার আশা প্রকাশ করেন।



ফেসবুক কর্নার