October 5, 2026, 4:31 pm

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের অভিযোগে শিক্ষক আটক

অভয়নগর প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। গোলাম কিবরিয়া লালন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষ্য, মঙ্গলবার বেলা ৩টার দিকে দশম শ্রেণির বাংলা ক্লাসে সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ তোলেন ওই শিক্ষক। এ সময় প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করার পাশাপাশি তার নাম উল্লেখ করে আপত্তিকর বক্তব্য দেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। বিষয়টি নিয়ে ক্লাসে অসন্তোষ তৈরি হয়। পরে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। বুধবার সকালে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ে জড়ো হয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে শিক্ষক লালনকে আটক করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, শিক্ষক কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। তবে প্রধানমন্ত্রীর দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে তার বাংলা উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে—এমন বক্তব্য তিনি দিয়েছেন বলে জানান প্রধান শিক্ষক। দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে শিক্ষক লালনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।



ফেসবুক কর্নার