
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমান কো-পাইলট বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিমানের ককপিটে দুই পাইলটের মধ্যে হাতাহাতির একপর্যায়ে কো-পাইলট প্রধান পাইলটকে ছুরিকাঘাত করেন বলে দাবি করেন তিনি।
নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, ঘটনার পর মাত্র দুই মিনিটের মধ্যে বিমানটি ১৭ হাজার ফুট নিচে নেমে যায়। বিমানে থাকা যাত্রী ও অন্য দুই ক্রুর সহায়তায় ককপিটে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। একপর্যায়ে কো-পাইলট বিমানের সিস্টেম ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলেও তাকে থামানো সম্ভব হয় এবং অন্য এক ক্রু বিমানটি স্থিতিশীল করেন বলে জানান নেতানিয়াহু।
নেতানিয়াহু বলেন, বিমানে থাকা প্রায় সব যাত্রীই ইসরায়েলি ছিলেন। তার সঙ্গে কথা বলা এক যাত্রীর বরাত দিয়ে তিনি জানান, বিমানটি খাড়াভাবে নিচে নামছিল এবং যাত্রী ও ক্রুরা মিলে ককপিটে প্রবেশ করেন। পরে বিমানটি সৌদি আরবের তাবুকে নিরাপদে অবতরণ করে। সৌদি কর্মকর্তারা সন্দেহভাজন কো-পাইলটকে জিজ্ঞাসাবাদ করছেন বলেও জানান নেতানিয়াহু