একদিনের সফরে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম ফেনী সফর। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে সরকারপ্রধানের গাড়িবহর সড়কপথে যাত্রা করে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ১টা ১৫ মিনিটে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা করে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে বেলা ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।
দিনের শেষ কর্মসূচিতে বেলা ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে। স্থানীয়রা এ সফর ঘিরে বাঁধ নির্মাণ ও মেডিকেল কলেজ স্থাপনসহ বিভিন্ন দাবি তুলে ধরার প্রস্তুতি নিয়েছেন। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ফেনী ছাড়ার কথা রয়েছে তার। রাত ৯টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।