ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহ-পাইলটের হামলার পর বড় ধরনের দুর্ঘটনা ঠেকাতে ভূমিকা রাখা ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারকে ‘নায়ক’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিমানটি নিয়ন্ত্রণে রাখতে এক যাত্রীর ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি। দ্য হিন্দুর বৃহস্পতিবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব মন্তব্য করেন।
ট্রাম্প জানান, গুরুতর আহত অবস্থায়ও মাচ্ছার ককপিটের দরজা খুলে সাহায্যের জন্য চিৎকার করেন। পরে যাত্রী ও বিমানের অন্য ক্রুরা ককপিটে পৌঁছে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, দুবাই থেকে তেল আবিবগামী বিমানটি নিয়ন্ত্রণে আনতে এক যাত্রীও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পেশায় প্লাম্বার ওই যাত্রীর আগে বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল না বলে জানান তিনি।
এরপর অতিরিক্ত পাইলট ও নিরাপত্তাকর্মীরা ককপিটে পৌঁছে বিমানের নিয়ন্ত্রণ নেন। পরে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। আহত পাইলট মাচ্ছারকে হাসপাতালে নেওয়া হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ফ্লাইট এফজেড১০৭৩ দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে সহ-পাইলটের হামলার পর দ্রুত উচ্চতা হারায়। ঘটনার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় এবং তদন্ত চলছে। তবে ট্রাম্প জানিয়েছেন, ঘটনার বিবরণ তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও কয়েকটি প্রাথমিক সূত্র থেকে শুনেছেন; সব তথ্য তিনি স্বাধীনভাবে যাচাই করেননি।