October 1, 2026, 11:25 pm

জালিয়াতির অভিযোগে ইরানে এমপির ১০ মাস কারাদণ্ড

অভয়নগর প্রতিবেদক

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের দায়ের করা মামলায় কট্টরপন্থি সংসদ সদস্য হামিদ রাসায়িকে ১০ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির বিশেষ ধর্মীয় আদালত। অভিযোগের ভিত্তিতে তাকে ‘ক্ষতিসাধনের উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ানোর’ দায়ে দোষী সাব্যস্ত করে এভিন কারাগারের ধর্মীয় ওয়ার্ডে পাঠানো হয়েছে। এর আগে দায়িত্ব পালনরত কোনো ইরানি এমপির কারাদণ্ডের নজির ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালে রাসায়ির পরিচালনাধীন সাপ্তাহিক পত্রিকা ‘৯ দে’-তে গালিবাফের বিরুদ্ধে ‘সংসদীয় নথি জালিয়াতি’র অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনকে কেন্দ্র করেই মামলাটি করা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনাকে ঘিরে ইরানে নীতিনির্ধারণ নিয়ে বিতর্কের মধ্যেই এই রায় এলো। এতে দেশটির রক্ষণশীল ও কট্টরপন্থি গোষ্ঠীগুলোর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

সাবেক পরমাণু আলোচক সাঈদ জালিলির ঘনিষ্ঠ কট্টরপন্থি ও পায়দারি ফ্রন্টের নেতারা গালিবাফ এবং প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি-এজেইর সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, অর্থনৈতিক ও নিরাপত্তা সংকটের পরিবর্তে ব্যক্তিগত বিরোধ মেটাতে মামলাটি এগিয়ে নেওয়া হয়েছে। তবে ইরানের শীর্ষ নেতৃত্ব ঐক্য ও সমন্বয়ের ওপর জোর দিচ্ছে। গবেষকদের মতে, প্রকাশ্য বিরোধ তীব্র মতপার্থক্যের ইঙ্গিত দিলেও তা দেশটির রাজনৈতিক কাঠামোর চূড়ান্ত ভাঙনের প্রমাণ নয়।



ফেসবুক কর্নার