
ভারতের বেঙ্গালুরুতে বাইকের পিঠে ঝোলানো গিটারকে পেছনের যাত্রী ভেবে হেলমেট না পরার অভিযোগে ই-চালান দিয়েছে এআইচালিত ট্রাফিক ক্যামেরা। হেব্বাল এলাকার বাসিন্দা সৌভিক দত্ত গত ১৫ সেপ্টেম্বর পিঠে গিটার ঝুলিয়ে ই-স্কুটিতে যাচ্ছিলেন। এ সময় ক্যামেরাটি গিটারকে দ্বিতীয় আরোহী হিসেবে শনাক্ত করে এবং হেলমেট না থাকার অভিযোগে ৫০০ রুপির জরিমানা করে।
পরদিন সৌভিকের স্ত্রীর কাছে ওই ট্রাফিক চালানের বার্তা পৌঁছালে তিনি বিষয়টি জানতে পারেন। এতে বিস্মিত সৌভিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাফিক পুলিশকে ট্যাগ করে ঘটনাটি তুলে ধরেন এবং ভুল চালান বাতিলের অনুরোধ জানান। সঙ্গে চালানের ছবিও পোস্ট করেন তিনি।
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এআইভিত্তিক স্বয়ংক্রিয় ট্রাফিক নজরদারির নির্ভুলতা নিয়ে আলোচনা শুরু হয়। বিষয়টি নজরে আসার পর বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ সৌভিকের সঙ্গে যোগাযোগ করে ঘটনা খতিয়ে দেখার উদ্যোগ নেয় এবং ভুল চালানটি পর্যালোচনার নির্দেশ দেয়।