October 1, 2026, 10:36 pm

চীনা গবেষণা জাহাজ সরাতে বড় রণতরি পাঠাল ফিলিপাইন

অভয়নগর প্রতিবেদক

তাইওয়ানের কাছাকাছি ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বাতানেস প্রদেশের জলসীমায় অবস্থান নেওয়া একটি চীনা গবেষণা জাহাজকে সরাতে নিজেদের সবচেয়ে বড় কোস্টগার্ড জাহাজ ও একটি উড়োজাহাজ মোতায়েন করেছে ম্যানিলা। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফিলিপাইনের কোস্টগার্ড জানায়, তাদের পদক্ষেপে চীনা জাহাজটির সামুদ্রিক গবেষণা কার্যক্রম ব্যাহত হয় এবং সেটি এলাকা ছাড়তে বাধ্য হয়।
দক্ষিণ চীন সাগর বিষয়ক ফিলিপাইনের কোস্টগার্ডের মুখপাত্র জে তারিয়েলা জানান, ‘জিয়া হাই কে ৭’ নামের চীনা গবেষণা জাহাজটি গত ২৮ সেপ্টেম্বর থেকে ইতবেয়াত দ্বীপের প্রায় ৩৭ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। ফিলিপাইনের দাবি, জাহাজটি নিজের প্রকৃত অবস্থান গোপন করে বাতানেস উপকূলে ঘোরাফেরা করছিল। পরিস্থিতি মোকাবিলায় ৯৭ মিটার দীর্ঘ ‘বিআরপি তেরেসা মাগবানুয়া’ ও একটি উড়োজাহাজ পাঠানো হয়। ফিলিপাইনের জাহাজটি চীনা জাহাজটির ১০০ গজের মধ্যে গিয়ে সতর্কবার্তা দেয়।
একপর্যায়ে চীনের একটি কোস্টগার্ড জাহাজ ঘটনাস্থলে এসে গবেষণা জাহাজটিকে আড়াল করার চেষ্টা করে এবং ফিলিপাইনের জাহাজকে পাল্টা সতর্কবার্তা দেয়। ফিলিপাইনের কোস্টগার্ড বলেছে, ব্যক্তিমালিকানাধীন জাহাজটির নিরাপত্তায় চীনা কোস্টগার্ডের উপস্থিতি তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে বাতানেস ও লুসোন প্রণালীর সমুদ্রতলের সাবমেরিন ক্যাবল করিডোরের কাছে জাহাজটি কী ধরনের তথ্য সংগ্রহ করছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। চীনা জাহাজটি এলাকা ছাড়লেও ফিলিপাইনের কোস্টগার্ড নজরদারি অব্যাহত রেখেছে। এ বিষয়ে চীনা দূতাবাস তাৎক্ষণিক মন্তব্য করেনি।



ফেসবুক কর্নার