October 1, 2026, 10:37 pm

তুরস্ক থেকে রুশ এস-৪০০ সরিয়ে নিচ্ছে রাশিয়া

অভয়নগর প্রতিবেদক

তুরস্কে থাকা রুশ-নির্মিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অন্য একটি দেশে স্থানান্তরের কাজ চলছে বলে জানিয়েছে ক্রেমলিন। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কাজ চলছে এবং প্রয়োজনীয় যোগাযোগও করা হচ্ছে। এই পদক্ষেপের ফলে তুরস্কের আবারও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে যুক্ত হওয়ার পথ তৈরি হতে পারে।
সিরিয়ার যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে আঙ্কারা ও ওয়াশিংটনের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ২০১৭ সালে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ব্যবস্থা কেনে তুরস্ক। এ ঘটনায় ন্যাটোর কয়েকটি সদস্য দেশের সমালোচনার মুখে পড়ে দেশটি। পরে যুক্তরাষ্ট্র সিএএটিএসএ আইনের আওতায় তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দেয় এবং দেশটির এফ-৩৫ যুদ্ধবিমান সংগ্রহের পথ বন্ধ হয়ে যায়।
এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, রাশিয়া এস-৪০০ অন্য একটি দেশে স্থানান্তরে সম্মত হতে পারে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট দেশটি দায়িত্বশীল ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলে এ ধরনের সম্ভাবনা রয়েছে। এদিকে তুরস্ক দীর্ঘদিন ধরে এফ-৩৫ কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের সমাধান চেয়ে আসছে। জুলাইয়ের শুরুতে ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তুরস্ককে এফ-৩৫ কর্মসূচিতে ফেরানোর বিষয়টি বিবেচনার কথা জানিয়েছিলেন।



ফেসবুক কর্নার