
আসন্ন ইসরায়েলি জাতীয় নির্বাচনের আগে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষে সরাসরি সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর পুনর্নির্বাচন প্রসঙ্গে ট্রাম্প বলেন, নির্বাচনে কাকে সমর্থন করবেন তা নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না; ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিত করাই ওয়াশিংটনের মূল অগ্রাধিকার। একই সাক্ষাৎকারে ইসরায়েলে নিজের ব্যক্তিগত জনপ্রিয়তা ‘প্রায় ৯৯ শতাংশ’ বলে দাবি করেন তিনি।
নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের সঙ্গে কাজ করার সম্ভাবনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, তার সম্পর্কে কোনো খারাপ কথা শোনেননি। তবে নেতানিয়াহুকে এখনই রাজনৈতিকভাবে শেষ মনে করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি ইরান যুদ্ধ এবং গাজা ও লেবাননে চলমান সামরিক অভিযানকে কেন্দ্র করে দুই নেতার সম্পর্কে কিছুটা টানাপোড়েনের আভাস পাওয়া গেছে। ৭ অক্টোবরের হামলার আগে নেতানিয়াহুর কাছে আগাম গোয়েন্দা তথ্য ছিল—এমন দাবিও প্রত্যাখ্যান করেন ট্রাম্প।
চলমান ইরান যুদ্ধের প্রসঙ্গে ট্রাম্প জানান, প্রাথমিকভাবে চার থেকে আট সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার কথা থাকলেও তেহরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করতে অভিযানের পরিধি বাড়ানো হয়েছে। হরমুজ প্রণালী বন্ধে ইরানের কৌশল সাময়িকভাবে কার্যকর হলেও পরবর্তীতে যুক্তরাষ্ট্র ওই জলপথের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেন তিনি। প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে ইরানের যুদ্ধবিরতির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন বলে জানান ট্রাম্প। তবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে বিমান হামলা আরও জোরদার করা হবে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট মন্তব্য করেননি।