
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সের বিভিন্ন শহরে হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধ অব্যাহত রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১ অক্টোবর) পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে আন্তমন্ত্রণালয় বৈঠক ডাকেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। এ সময় মন্ত্রীদের কয়েকটি সফরও বাতিল করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষক ও অন্যান্য কর্মী সংকট, দীর্ঘ ক্লাসসূচি এবং পর্যাপ্ত সম্পদের অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলন শুরু হয়।
গত কয়েকদিন ধরে রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধ করে বিক্ষোভ করছেন হাজার হাজার শিক্ষার্থী। পরিস্থিতি পরে সহিংসতায় রূপ নেয়। আন্দোলনের কারণে ১৬০টির বেশি হাইস্কুল বন্ধ হয়ে গেছে। পাশাপাশি প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথও অবরুদ্ধ করা হয়েছে।
এ ঘটনায় ১৫ থেকে ১৮ বছর বয়সী প্রায় ৩ হাজার শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এর মধ্যে শুধু বৃহস্পতিবারই আটক করা হয় ১ হাজার ৯৪৯ জনকে। বিক্ষোভে ৩০০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ফায়ার সার্ভিসের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীসহ আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।