October 2, 2026, 10:48 pm

ভারতের ‘নিহত’ দাবি, জীবিত সাবেক সেনাকে হাজির পাকিস্তানের

অভয়নগর প্রতিবেদক

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে এক সাবেক পাকিস্তানি সেনা নিহত হওয়ার ভারতীয় দাবিকে মিথ্যা বলে দাবি করেছে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী কথিত নিহত অবসরপ্রাপ্ত হাবিলদার মুহাম্মদ আসিফকে জীবিত অবস্থায় গণমাধ্যমের সামনে হাজির করেন। তিনি জানান, ২৯ সেপ্টেম্বর রাতে ভারতীয় বাহিনী কোরাগ ও ইউসমার্গ এলাকায় যৌথ অভিযানে এক সন্ত্রাসী নিহত হওয়ার দাবি করে।
পরে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই দাবি করে, নিহত ব্যক্তি লস্কর-ই-তৈয়বার সদস্য মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মুসা এবং তিনি পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিসেস গ্রুপের (এসএসজি) সাবেক হাবিলদার। সংবাদ সম্মেলনে আসিফ বলেন, ভারতীয় গণমাধ্যমে নিজের নিহত হওয়ার খবর দেখে বন্ধুরা তাকে ফোন করেন। তিনি জানান, তিনি জীবিত ও সুস্থ আছেন এবং নিজের বাড়িতেই রয়েছেন। ২০২৩ সালে অবসরের পর তিনি ছোট ব্যবসা করছেন বলেও জানান। পরে আসা অসংখ্য ভারতীয় নম্বর তিনি ব্লক করেছেন বলে জানান।
আইএসপিআর ডিজি ভারতের দাবিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন এবং ঘটনাটিকে পাকিস্তানকে দায়ী করে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা আড়ালের চেষ্টা হিসেবে উল্লেখ করেন। তিনি সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও কথা বলেন এবং হারামাইন শরিফাইনের নিরাপত্তার প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতি চূড়ান্ত বলে জানান। দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনীতি রাজনৈতিক দলগুলোর বিষয়। পাকিস্তানের সশস্ত্র বাহিনী সংবিধানের অধীন ও রাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী কাজ করে বলেও তিনি উল্লেখ করেন।



ফেসবুক কর্নার