
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার (২ অক্টোবর) মুম্বাইয়ে বিক্ষোভের ডাক দিয়েছে জেন-জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একই দাবিতে নয়াদিল্লির জন্তর মন্তরে ছাত্র ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও সমবেত হন। রয়টার্স জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে ক্ষমতাসীন বিজেপিকে সুবিধা দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।
বিতর্কের কেন্দ্রে রয়েছে গত বছর শুরু হওয়া দেশব্যাপী ভোটার যাচাই কার্যক্রম। সমালোচকদের দাবি, এতে যোগ্য বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তবে নির্বাচন কমিশনের বক্তব্য, দ্বৈত নাম, মৃত ব্যক্তি ও অযোগ্য ভোটারদের বাদ দিয়ে তালিকা নির্ভুল করতেই যাচাই করা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে কমিশনের অভ্যন্তরে ভোটার তালিকা, নিবন্ধন প্রক্রিয়া ও ডিজিটাল ব্যবস্থা নিয়ে গত ১০ মাসে অন্তত ১৪ বার উদ্বেগ জানানোর কথা বলা হয়েছে। কমিশন বলেছে, অভ্যন্তরীণ আলোচনায় ভিন্নমত থাকা স্বাভাবিক।
সিজেপির আহ্বায়ক সৌরভ দাস বলেছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দলটি চলমান আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলোও ৬ অক্টোবর থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ঘোষণা দিয়েছে। সিজেপি চলতি বছরের শুরুতে বেকারত্ব ও নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে তরুণদের অনলাইন আন্দোলন থেকে গড়ে ওঠে এবং পরে দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে।