
পাকিস্তানের কাসুরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালালে দুই পাকিস্তানি নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র। শুক্রবার সূত্রটি এ তথ্য নিশ্চিত করে। নিহতরা হলেন পাঞ্জাবের লাধার গ্রামের জত্তান ওয়ালি হাভেলির বাসিন্দা আজমত রসুল শাহ ও মহসিন জাট।
নিরাপত্তা সূত্রের দাবি, লাধার গ্রামের তিন নাগরিক একটি সীমান্ত স্তম্ভের কয়েক পা এগিয়ে গেলে বিএসএফ কোনো সতর্কবার্তা ছাড়াই তাদের লক্ষ্য করে গুলি চালায়। সূত্রগুলো বলেছে, তিনজনই নিরস্ত্র ছিলেন এবং কেউ সীমান্তের বেড়া পার হওয়ার চেষ্টা করেননি। ঘটনাটিকে ‘বিনা উসকানিমূলক’ গুলিবর্ষণ হিসেবে বর্ণনা করে পাকিস্তানি সূত্রগুলো দাবি করেছে, এটি সীমান্ত চুক্তি ও প্রচলিত আদর্শ কার্যপ্রণালীর (এসওপি) লঙ্ঘন। ভারতীয় গণমাধ্যমে ওই বেসামরিক নাগরিকদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে উল্লেখ করারও সমালোচনা করেছে সূত্রটি।
এদিকে, ঘটনার এক দিন আগে পাকিস্তানি সামরিক বাহিনী ভারতের একটি অভিযানের দাবি নস্যাৎ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারত দাবি করেছিল, অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে একটি সংঘর্ষে সাবেক পাকিস্তানি সেনাকে হত্যা করা হয়েছে। তবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অবসরপ্রাপ্ত স্পেশাল সার্ভিসেস গ্রুপের কমান্ডো হাবিলদার মুহাম্মদ আসিফকে গণমাধ্যমের সামনে হাজির করেন। আসিফ নিজেকে জীবিত ও সুস্থ বলে জানান।