October 3, 2026, 11:43 pm

হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

অভয়নগর প্রতিবেদক

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। আঞ্চলিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে সম্ভাব্য এ অভিযান শুরু হতে পারে। এর লক্ষ্য হুথিদের লোহিত সাগরের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে দেওয়া। একাধিক ফ্রন্টে একই সঙ্গে হামলা চালানোর পরিকল্পনাও রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
অভিযানে ইয়েমেনের স্থলবাহিনী অংশ নেবে এবং সৌদি আরবের পরিচালনায় থাকা ওই বাহিনীর প্রায় এক লাখ সেনা এতে যুক্ত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিমান হামলা চালাবে সৌদি বাহিনী। আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র সৌদিকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। কয়েকটি আরব ও ইউরোপীয় দেশও রক্ষণাত্মক সামরিক সহায়তা দিচ্ছে। তবে সৌদির কোনো মিত্র সরাসরি অভিযানে অংশ নেবে না বলে সূত্রের দাবি।
২০১৪ সালে ইয়েমেনে হুথিদের উত্থানের পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয় এবং ২০১৫ সালে সৌদি আরব ইয়েমেনি সরকারকে সহায়তায় যুদ্ধে জড়ায়। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হুথি-সৌদি যুদ্ধবিরতি হয়। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের উত্তেজনা আবার বেড়েছে। প্রায় দুই মাস আগে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি হামলার পর হুথিরা সৌদির জাহাজে হামলা চালায় এবং অবরোধ প্রত্যাহারের দাবি জানায়। এর মধ্যে হুথিরা গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখল করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সূত্রগুলোর দাবি, নতুন সৌদি অভিযানে লোহিত সাগরের সম্প্রতি দখল করা এলাকাগুলো থেকে হুথিদের সরিয়ে দেওয়াই মূল লক্ষ্য।



ফেসবুক কর্নার