
ইয়েমেনের সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির ওপর ৪৭৪টি হামলা চালানোর দাবি করেছে। এতে হুথির ১ হাজার ৫৪০ জন যোদ্ধা নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মাজেদ আব্দুল্লাহ আল-নাজিলি। শুক্রবার (২ সেপ্টেম্বর) ইয়েমেনের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। খবর আনাদোলুর।
আল-নাজিলি বলেন, হুথিদের অবস্থান, গতিবিধি, অতিরিক্ত সেনা ও রসদ এবং সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করা হয়। এতে যুদ্ধবিমান, ড্রোন, আর্টিলারি, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় হারাদ ও উপকূলীয় এলাকা থেকে কিতাফ, আল-জাউফ, মারিব, আল-বায়দা, লাহজ, সানা ও সাদা পর্যন্ত বিভিন্ন রণাঙ্গনে অভিযান চালানো হয়। তবে তাইজ অঞ্চলে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
মুখপাত্রের দাবি, এসব অভিযানে হুথিদের ১ হাজার ৫৪০ জন যোদ্ধা নিহত বা আহত হয়েছে, যাদের অধিকাংশই তাইজ রণাঙ্গনের। এ ছাড়া ২১৬টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযানের ফলে তাইজে হুথিদের অগ্রযাত্রা থেমে গেছে বলেও দাবি করেন তিনি। এর আগে সেনাবাহিনী জানিয়েছিল, তাইজে হুথিদের অবস্থান লক্ষ্য করে ২০টি বিমান হামলা চালানো হয়েছে। গত বুধবারও তিনটি রণাঙ্গনে হুথি যোদ্ধা ও সামরিক সরঞ্জামের বিরুদ্ধে ৪৬৮টি অভিযান চালানোর দাবি করেছিল ইয়েমেনি সেনাবাহিনী। ২০১৪ সালে হুথিরা সানা ও কয়েকটি প্রদেশ দখলের পর দেশটিতে সংঘাত শুরু হয়; এর ধারাবাহিকতায় ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করে।