October 3, 2026, 10:56 pm

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে একদিনে গ্রেপ্তার ১,৭৪৭

অভয়নগর প্রতিবেদক

শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট, জরাজীর্ণ ভবন এবং তহবিল বরাদ্দসহ বিভিন্ন দাবিতে ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে শত শত হাইস্কুলের শিক্ষার্থী রাজপথে নেমেছেন। শুক্রবার (২ অক্টোবর) বিভিন্ন শহরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, ওইদিন বিভিন্ন স্থান থেকে ১ হাজার ৭৪৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাতে ফরাসি টিএফ–১ টেলিভিশনকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাঙ্গা ও নগর সহিংসতা বাড়ছে এবং তা বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত সপ্তাহে রাজধানী প্যারিসে বিক্ষোভ শুরু হওয়ার পর তা ধীরে ধীরে দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ে বিচারমন্ত্রী জেরার্ড দারমানিন বলেন, আন্দোলন এখন আর শুধু হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভে সীমাবদ্ধ নেই।
দারমানিন জানান, সহিংস বিক্ষোভের কারণে ফ্রান্সজুড়ে ৩ হাজার ৭০০টি বিদ্যালয়ের মধ্যে ৭৩৫টি প্রতিষ্ঠান কোনো না কোনোভাবে ক্ষতির শিকার হয়েছে। শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে দাবি করেছেন, বিক্ষোভে শিক্ষার্থীদের পাশাপাশি বাইরের লোকজনও অংশ নিয়েছেন। আন্দোলনের বিস্তৃতি ও সংঘর্ষের ঘটনায় দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।



ফেসবুক কর্নার