
বেলারুশ থেকে সন্দেহভাজন একটি ড্রোন লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশের পর ভিলনিয়াস বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ন্যাটোর বাল্টিক এয়ার পুলিশিং মিশনের যুদ্ধবিমানও আকাশে উড়েছে। শনিবার লিথুয়ানিয়ার ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কর্তৃপক্ষ জানিয়েছে, বেলারুশ থেকে একটি সন্দেহভাজন ড্রোন লিথুয়ানিয়ার দিকে উড়ে আসছে বলে খবর পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করা হয়। ড্রোনটির গতিপথ ও উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এদিকে ভিলনিয়াস অঞ্চলের বাসিন্দাদের প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং ড্রোনটি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।