
ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ‘পরিপক্ব’ পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশটির অস্ত্র তৈরির সক্ষমতা মূলত সামরিক অভিযানের প্রয়োজনীয়তার ভিত্তিতে গড়ে উঠেছে।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের এই উপদেষ্টা বলেন, নিজেদের প্রয়োজন অনুযায়ী অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে ইরান। ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সক্ষমতা ও প্রযুক্তিগত জ্ঞান এখন দেশটির নিজেদের মধ্যেই রয়েছে। এ খাতে ইরানের আর অন্য কারও সহযোগিতার প্রয়োজন নেই বলেও দাবি করেন তিনি।
ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়নকে ছবি আঁকা শেখার সঙ্গে তুলনা করেন আলী বালালি। তার ভাষ্য, ছবি আঁকার প্রয়োজনীয় সরঞ্জাম ও কৌশল একবার আয়ত্তে এলে একজন শিল্পী নিজের ইচ্ছামতো ছবি আঁকতে পারেন। ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রেও বিষয়টি একইভাবে কাজ করে বলে মন্তব্য করেন তিনি। ইরান দীর্ঘদিন ধরে নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সামরিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আসছে।