October 3, 2026, 10:56 pm

অ্যাবি চোই হত্যা মামলায় আদালতে চাঞ্চল্যকর তথ্য

অভয়নগর প্রতিবেদক

হংকংয়ের মডেল ও ইনফ্লুয়েন্সার অ্যাবি চোই হত্যা মামলার শুনানিতে তার হত্যাকাণ্ডের পরিকল্পনা ও ঘটনার বিভিন্ন তথ্য তুলে ধরেছে সরকারপক্ষ। বুধবার হংকংয়ের হাইকোর্টে শুরু হওয়া মামলার শুনানিতে সাবেক শ্বশুর কাও কুয়াং, সাবেক স্বামী অ্যালেক্স কুয়াং ও সাবেক দেবর অ্যান্থনি কুয়াং আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন। বিচারপ্রক্রিয়া আট সপ্তাহ চলতে পারে বলে জানানো হয়েছে।

প্রসিকিউশন জানায়, অ্যাবির একটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিকানা ও বিক্রির সিদ্ধান্তকে কেন্দ্র করে সাবেক শ্বশুরবাড়ির সঙ্গে বিরোধ তৈরি হয়। ২০২২ সালে ফ্ল্যাটটি বিক্রির উদ্যোগ নেওয়ার পর সাবেক শ্বশুরের সঙ্গে তার বিরোধ আরও তীব্র হয় বলে অভিযোগ করা হয়েছে। প্রসিকিউটরদের দাবি, আর্থিক স্বার্থ থেকে কাও কুয়াং তার দুই ছেলেকে নিয়ে অ্যাবিকে হত্যার পরিকল্পনা করেন এবং পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যেকের ভূমিকা ছিল।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি অ্যাবি নিখোঁজ হন। তিন দিন পর তাই পো এলাকার একটি ভাড়া করা ফ্ল্যাট থেকে তার দেহাবশেষের সন্ধান পায় পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয় বলে আদালতে জানানো হয়েছে। অ্যাবি ১৮ বছর বয়সে অ্যালেক্স কুয়াংকে বিয়ে করেন এবং তাদের দুটি সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও সাবেক স্বামীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে আসছিলেন বলে মামলার শুনানিতে উল্লেখ করা হয়। বিচারকাজ অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার