
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিখোঁজ হওয়ার ৩৭ দিন পর এক মালয়েশিয়ান পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি নিরাপদে মালয়েশিয়ায় ফিরে গেছেন বলে জানিয়েছে ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ (মাসফি)। শুক্রবার (২ অক্টোবর) সংগঠনটির মুখপাত্র মনিভান্নান রেথিনাম এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, উদ্ধার হওয়া ওই মালয়েশিয়ান নাগরিক কাঠমান্ডুতে অবস্থিত মালয়েশিয়ার দূতাবাসে উপস্থিত হয়ে নিজের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। গত ২৫ আগস্ট বিকেল ৩টা ২৬ মিনিটে বন্যার এক দিন আগে তাকে নাগথালি ভিউপয়েন্ট এলাকায় দেখা গিয়েছিল। পরে স্থানীয় সড়ক ও সেতু ধ্বংস হয়ে যাওয়ায় এবং বিদ্যুৎ ও খাবার পানির সংকটে তিনি দুর্গম এলাকায় আটকা পড়েন। ৩৭ দিন পর তার সন্ধান পাওয়ায় নিখোঁজ অন্য মালয়েশিয়ানদের পরিবারগুলোর মধ্যেও স্বস্তি ও আশা তৈরি হয়েছে।
এর আগে ২৭ আগস্ট মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নেপালে বন্যার পর ৫৫ মালয়েশিয়ান নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ইউএসজিএসের বিশ্লেষণ অনুযায়ী, লাংটাং লিরুং পর্বতের কাছে হিমবাহ ও বরফ ধসের ফলে সৃষ্ট কম্পনের শক্তি ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের সমতুল্য ছিল। ওই দুর্যোগে নেপাল ও সংলগ্ন তিব্বত অঞ্চলে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত এবং পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে।