
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশিদের গড় আয়ু ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতীয়দের গড় আয়ু ছিল ৭১ বছর এবং পাকিস্তানিদের ৬৮ দশমিক ২ বছর। গত শুক্রবার (২ অক্টোবর) জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি এ তথ্য প্রকাশ করে। তবে যুক্তরাষ্ট্র ও কানাডার গড় আয়ু বাংলাদেশের চেয়ে বেশি—যথাক্রমে ৭৮ দশমিক ৫ ও ৮১ দশমিক ৪ বছর।
ডব্লিউএইচও জানিয়েছে, বেশি গড় আয়ু মানেই মানুষ দীর্ঘ সময় সুস্থভাবে জীবনযাপন করছেন—এমনটি নয়। সুস্থভাবে বেঁচে থাকার সময় সাধারণত মোট গড় আয়ুর চেয়ে কম। সংস্থাটির তথ্য অনুযায়ী, করোনার আগে ২০১৯ সালে বৈশ্বিক গড় আয়ু ছিল ৭৩ দশমিক ৪ বছর। মহামারির প্রভাবে ২০২১ সালে তা কমে ৭১ দশমিক ৫ বছরে নেমে যায়।
২০২৩ সালে বৈশ্বিক গড় আয়ু বেড়ে ৭৩ দশমিক ৩ বছরে দাঁড়িয়েছে, যা মহামারির আগের অবস্থার প্রায় কাছাকাছি। ডব্লিউএইচওর ডাটা বিভাগের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, জনস্বাস্থ্যের ক্ষেত্রে গড় আয়ু বৃদ্ধি একটি বড় অর্জন। এখন মানুষের সুস্থ শরীরে দীর্ঘ সময় বেঁচে থাকা নিশ্চিত করাই পরবর্তী চ্যালেঞ্জ।