October 5, 2026, 5:25 am

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে লাখো মানুষের লংমার্চ

অভয়নগর প্রতিবেদক

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে লাখো মানুষ আন্দোলনে নেমেছেন। সরকারের সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শেষ মুহূর্তের আলোচনা ভেস্তে যাওয়ার পর খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত থেকে এ আন্দোলনের ডাক দেওয়া হয়। একই সঙ্গে আইনের শাসন ও সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠার দাবিতে বড় ধরনের লংমার্চ শুরু করেছে দলটি।
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি লাক্কি মারওয়াতের গান্ধী চক থেকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানিয়েছেন, আগামী ৮ অক্টোবর মিছিলটি খায়রাবাদে পৌঁছালে পরবর্তী আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। এর আগে পিটিআই ও সরকারের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও রোববার (৪ অক্টোবর) সকালে তা ভেঙে যায়। সরকারের পক্ষ থেকে আলোচনার ব্যর্থতার জন্য খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীকে দায়ী করা হয়েছে।
অন্যদিকে পিটিআইয়ের দাবি, সরকারের একতরফা কিছু শর্ত ও অযৌক্তিক দাবির কারণে আলোচনা সফল হয়নি। লংমার্চ উপলক্ষে বান্নু, লাক্কি মারওয়াত ও ডেরা ইসমাইল খানসহ বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ কর্মী লাক্কি মারওয়াতে জড়ো হয়েছেন। নিরাপত্তার জন্য সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। লংমার্চটি কারাক, কোহাত, পেশোয়ার ও চারসাদ্দা অতিক্রম করে এগিয়ে যাবে। এদিকে সরকার জানিয়েছে, রাজধানীতে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। আইন অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে।



ফেসবুক কর্নার