
ইরানে স্থলযুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে বেসামরিক স্বেচ্ছাসেবকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রয়টার্স ও এপির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে নারীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবককে সামরিক প্রশিক্ষণের প্রাথমিক ধাপ শেখানো হচ্ছে। রোববার (৪ অক্টোবর) তেহরানের একটি প্রশিক্ষণ ক্যাম্পে নারীদের অস্ত্র চালনা ও সামরিক প্রশিক্ষণ নিতে দেখা যায়।
প্রশিক্ষণের অংশ হিসেবে নারী স্বেচ্ছাসেবকেরা অ্যাসল্ট রাইফেল চালানো, দড়ি বেয়ে ওঠা ও জিপলাইনে চলার অনুশীলন করছেন। যুদ্ধ শুরু হলে নিজেদের পরিবার ও সম্প্রদায়কে রক্ষার জন্য প্রস্তুত করাই এ প্রশিক্ষণের লক্ষ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এপি জানিয়েছে, ইরান এ বিষয়ে অনড় অবস্থানে রয়েছে এবং তেহরানে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর যুদ্ধে জনসাধারণের অংশগ্রহণে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ৩ অক্টোবর তেহরানের হাফত-এ তির স্কয়ারে নিবন্ধিত নাগরিকেরা সশস্ত্র সামরিক মহড়ায় অংশ নেন। এতে ইরানি সেনাবাহিনীর কমান্ডার, বাসিজ বাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।