
দিনাজপুরের ফুলবাড়ীতে বাকপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) উপজেলার বেতদিঘী ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে। ভুক্তভোগী তরুণীর মা মুক্তা বেগমের অভিযোগ, কাজ শেষে বাড়ি ফেরার পথে শরিফুল ইশারায় কৌশলে তাকে একটি ঘরে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যান।
পরে ভুক্তভোগী ইশারায় বিষয়টি তার মাকে জানান। বিষয়টি স্থানীয়দের জানালে তারা শরিফুলকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় শরিফুল ইসলামকে আসামি করে মামলা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৫ অক্টোবর) গ্রেপ্তার শরিফুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।