October 6, 2026, 2:07 am

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি

আব্দুল্লাহ আল মামুন, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর যুবদল নেতা মো. জিসান (২৬) অপহরণ ও হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সিলভার রঙের নোহা গাড়ি জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—আনোয়ার হোসেন প্রকাশ কাল্লু ড্রাইভার এবং জিসাত মিয়া প্রকাশ শওকত ড্রাইভার (২৯)।
পুলিশ জানায়, পুলিশ সুপার কক্সবাজার এ.এন.এম. সাজেদুর রহমানের দিকনির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জিসাত মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টমেট্রো-চ-১১-৫৯৬৯ নম্বরের নোহা গাড়িটি জব্দ করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা হত্যাকাণ্ডের পরিকল্পনা ও কিলিং মিশনে অংশগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিকল্পনাকারী, অর্থদাতা ও অন্য জড়িতদের শনাক্তে অভিযান চলছে। উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর রাতে কাকারা ইউনিয়নের মাইজ কাকারা এলাকা থেকে জিসানকে নোহা গাড়িতে অপহরণ করা হয়। পরে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় চকরিয়া থানায় হত্যা মামলা হয়েছে।



ফেসবুক কর্নার