
নারায়ণগঞ্জের ফতুল্লায় বক্তাবলী ফেরিঘাটে যানবাহন পারাপারের সময় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে আশরাফ হোসেন আসাদ নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) দুপুরে ধলেশ্বরী নদীর বক্তাবলী ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ হোসেন বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার হোসেন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক ফেরিতে ওঠার পর দ্বিতীয় একটি ট্রাক সেখানে প্রবেশ করছিল। এ সময় ফেরিতে যানবাহনের অবস্থান ও সিরিয়াল ঠিক করছিলেন লাইনম্যান আশরাফ হোসেন। দ্বিতীয় ট্রাকটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের দিকে এগিয়ে গেলে মাঝখানে আটকা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে ফেরিতে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, বক্তাবলী ফেরিঘাটের দুই পাশের সংযোগ সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও অসমতল থাকায় যানবাহন ওঠানামার সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তারা সড়ক সংস্কার, ফেরিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং লাইনম্যানদের নিরাপদে দায়িত্ব পালনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।