জনসমক্ষে ঘুষ গ্রহণ নিয়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াসকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। গত রোববার চুনারুঘাট থানায় দায়িত্ব পালনকালে তিনি ঘুষ নিয়ে এমন মন্তব্য করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, দায়িত্ব পালনকালে জনসম্মুখে এএসআই ইলিয়াস বলেন, “ঘুষ দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই।” আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনরত একজন পুলিশ সদস্যের এমন মন্তব্যের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে আসে।
ঘটনার পর পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এএসআই ইলিয়াসকে তাৎক্ষণিকভাবে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করা হয়। তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি পোশাক ও পদের মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এএসআই ইলিয়াসের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।