October 6, 2026, 3:39 pm

মাদকবিরোধী দ্বন্দ্বে নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

আব্দুল হামিদ শেখ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বের জেরে আরাফাত মোল্যা (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরাফাত দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। তার বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদক, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
নিহতের পরিবার ও স্বজনদের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আরাফাতকে হত্যা করেছে। তারা হত্যাকাণ্ডের সঙ্গে মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডের কথা প্রচার করা হচ্ছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী বলেন, মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বের জেরে একই গ্রামের কবির হোসেনসহ ৪-৫ জন আরাফাত মোল্যাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার