October 6, 2026, 3:40 pm

শার্শায় কাভার্ডভ্যান গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত

অভয়নগর প্রতিবেদক

যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার আরিফ হোসেন (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানটির চালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে খাজুরা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা বহনকারী কাভার্ডভ্যানটি যশোরের দিকে যাচ্ছিল। খাজুরা এলাকায় পৌঁছালে চালক ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে জানা গেছে। এ সময় কাভার্ডভ্যানটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে হেলপার আরিফ হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত আরিফকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নাভারন হাইওয়ে থানার এসআই আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর নাভারন হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যানটি হেফাজতে নিয়েছে।



ফেসবুক কর্নার