October 6, 2026, 4:25 pm

ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আবু জাফর সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সরকারি কলেজের ছাত্র জাকারিয়া খান (১৯) হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসান (২৬) ও অমিত হাসান শিপন (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাতে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নাহিদ সাতক্ষীরা পৌর শহরের ইটাগাছা মানিকতলা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে এবং শিপন একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের পশু হাসপাতালের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাকারিয়া নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানান, আসামিরা ভারতে আত্মগোপনের পরিকল্পনা করছিল। তাদের আদালতে সোপর্দ করে অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন করা হবে। এদিকে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন সরকারি কলেজের শিক্ষার্থীরা। তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



ফেসবুক কর্নার