October 6, 2026, 3:42 pm

কক্সবাজার সৈকতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন, কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা এলাকার সড়কে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (২০) নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি নিকটাত্মীয়দের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম জানান, ইজিবাইকে চলাচলের সময় অসাবধানতাবশত সীমা আক্তারের ওড়না গাড়িটির চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



ফেসবুক কর্নার