October 6, 2026, 3:42 pm

রামপালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ

তালুকদার হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রমের আওতায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩১ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআইএফপিসিএলের ডেপুটি হেড অব প্ল্যান্ট মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী ও মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানায়, দূরবর্তী এলাকা থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে এতে তাদের সময় ও কষ্ট কমবে।
বিআইএফপিসিএলের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষার প্রসারে কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রমের আওতায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা প্রণোদনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। স্থানীয়রা এ ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এসব কার্যক্রম প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।



ফেসবুক কর্নার