October 6, 2026, 3:42 pm

পঞ্চগড়ে আলামিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার

ময়নুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা (৫১)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের মাধ্যমে মুক্তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ সুপার আবু সাইমের নির্দেশনায় ডিবি, পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে কাজীপাড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মুক্তা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার মৃত আব্দুল খালেক ভূঁইয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর থানার মামলা নং-১২, তারিখ ১০ নভেম্বর ২০২৪ এবং জিআর নং-৪২১/২৪-এর আলামিন হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। ডিবির ওসি মো. এনায়েত কবির ও সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



ফেসবুক কর্নার