October 6, 2026, 5:07 pm

কলেজছাত্রী নিখোঁজ, ১২ দিনেও উদ্ধার হয়নি

সোহরাওয়ার্দী খোকন, ঠাকুরগাঁও প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শারমিন আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে প্রতিবেশী রমিক চন্দ্র সিংহ (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর থেকে ওই ছাত্রীর সন্ধান মিলছে না। এ ঘটনায় দুদিন পর তার বাবা পশিরুল ইসলাম রমিক চন্দ্র, তার বাবা সুমন্ত চন্দ্র সিংহসহ পাঁচজনকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় অপহরণ মামলা করেন।
পরিবারের অভিযোগ, বাড়ি থেকে বের হওয়ার পর শারমিনকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। মামলা হওয়ার ১২ দিন পরও তাকে উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা। তারা দাবি করছেন, অভিযুক্তদের ভারতের সঙ্গে নিয়মিত যাতায়াত রয়েছে। এ কারণে শারমিনকে সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তবে এ আশঙ্কার পক্ষে কোনো প্রমাণের কথা তারা জানাতে পারেননি।
শারমিনের বাবা পশিরুল ইসলাম মেয়েকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, প্রধান আসামির বাবা এলাকায় অবস্থান করলেও তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়নি। তবে বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন, পরিবার দেরিতে পুলিশকে বিষয়টি জানিয়েছে। অপহরণ মামলা নেওয়ার পর মোবাইলের লোকেশন শনাক্ত করে আসামিদের গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে কেউ শারমিন বা আসামিদের শনাক্ত করতে পারলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।



ফেসবুক কর্নার