October 6, 2026, 5:38 pm

টাঙ্গাইলে কিশোর গ্যাং প্রধান অমিওসহ চারজন গ্রেপ্তার

কবির হোসেন, স্টাফ রিপোর্টার।

টাঙ্গাইলের নাগরপুরে কিশোর গ্যাং ‘বেজি গ্রুপ’-এর প্রধান ও একাধিক মামলার আসামি এনাম জাবির অমিও (২১)সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে গয়হাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রুপটির সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গয়হাটা গ্রামের আমিনুর রহমানের ছেলে এনাম জাবির অমিও, আজগর আলীর ছেলে মো. মাসুদ মিয়া (২২), সিরাজুল ইসলামের ছেলে মো. জীবন হোসেন (২১) এবং মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ সাগর হাজীনগর গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (২০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়। পুলিশের দাবি, গ্রুপটি এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর ‘বেজি গ্রুপ’ কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়লেও সম্প্রতি আবারও সক্রিয় হওয়ার অভিযোগ ওঠে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার