
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে এসআরবি খুলনা-৬। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকায় মোরেলগঞ্জ থেকে মোংলাগামী সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাসও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের মো. ইব্রাহিম (২৩), রংপুরের বৈকুণ্ঠপুর গ্রামের পারভেজ আহমেদ (২৫) ও নূর আমিন (২৮) এবং বেলুবালারহাট গ্রামের আমিনুর রহমান (৩২)। এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান জানান, আটক ব্যক্তিদের হেফাজত থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি বিধি অনুযায়ী জব্দ করা হয়।
এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের মোংলা থানায় হস্তান্তর করা হবে।