
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ আবু সাঈদের বাড়িঘর, কবরস্থান ও ফাউন্ডেশন উন্নয়নে সরকার ঘোষিত ১ কোটি টাকা ছাড় করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলমের ঘোষণার মাত্র পাঁচ দিনের মাথায় গত সোমবার (৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ এ অর্থ অবমুক্ত করে। অর্থ ছাড়ের চিঠি রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
চিঠি অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাতের বিশেষ বরাদ্দ উপখাত থেকে রংপুর জেলা পরিষদের অনুকূলে মোট ১০৯ লাখ টাকা ছাড় করা হয়েছে। এর মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, বাড়িঘর ও কবরস্থান উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থীদের সাইকেল সরবরাহে ৫ লাখ টাকা এবং পীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন ও পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে প্রতিমন্ত্রী বাড়িঘর ও কবরস্থান উন্নয়নে ১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। পাঁচ দিনের মধ্যে অর্থ ছাড় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে শহীদ পরিবার। আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও বড় ভাই আবু হাসান বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যয়ের দাবি জানান। জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ ছাড় করেছেন। প্রধান নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ জানান, প্রকল্প বাস্তবায়নে কমিটি গঠন করে নকশা ও প্রাক্কলন প্রস্তুত করা হবে।