October 6, 2026, 5:33 pm

কালীগঞ্জে মাদকাসক্ত যুবকের কারাদণ্ড, বাল্যবিয়ে বন্ধ

হাফিজুর রহমান, ক্রাইম রিপোর্টার (শ্যামনগর), সাতক্ষীরা।

সাতক্ষীরার কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকাসক্ত যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার অভিযান দুটি পরিচালনা করেন। পশ্চিম মৌতলা রানিতলা গ্রামের শেখ সিরাজুল ইসলামের ছেলে মাসুদুর রহমান ওরফে পিন্টুর বিরুদ্ধে মাদকের টাকা না দেওয়া ও চাকু দেখিয়ে পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগে এ সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত পিন্টু মাদকের টাকা সংগ্রহের জন্য পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলা ও মাকে মারধর করতেন। এ ঘটনায় তার মা মাসুরা খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে প্রমাণ পাওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে দশম শ্রেণির ১৫ বছর বয়সী এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে কনের বাবা ইয়াসিন আলীকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বর আসার আগেই ইউএনও তানিয়া আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা অরনা চ্যাটার্জি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করেন। বিষয়টি প্রশাসনকে না জানানোর অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বলে জানান ইউএনও।



ফেসবুক কর্নার